ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো প্রথম বর্ষের ক্লাস শুরু করা সম্ভব হয়নি। আগামী ১ মার্চ দ্বিতীয় দফার মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে ক্লাস শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে তৃতীয় দফার মাইগ্রেশন নিয়ে কাজ চলছে। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি কার্যক্রমের ওপর অনেক কিছু নির্ভর করছে। বুয়েটের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে মেডিকেলের তৃতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে এবং এরপরই ক্লাস শুরুর তারিখ ঘোষণা আসতে পারে।
গত ১০ জানুয়ারি বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ জানুয়ারি ফল প্রকাশিত হলেও এখনো ভর্তি কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। অন্যদিকে গত বছরের ১২ ডিসেম্বর মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৪ ডিসেম্বর ফল প্রকাশিত হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হন। ৩০ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। ২৫ জানুয়ারি প্রথম মাইগ্রেশনে ১০২ জন এবং ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় মাইগ্রেশনে ৬৮ জন শিক্ষার্থী অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ পান। বিধি অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।
এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬






