সদ্য একুশে পদক পেয়েছেন কিংবদন্তী অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। এর পর থেকেই অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী। সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কিংবদন্তীকে অভিনন্দন জানিয়ে তাঁকে ‘অভিনয়শিল্পের পাওয়ার হাউস’ বলে মন্তব্য করলেন।
শনিবার বিকেলে জয়া এক ফেসবুক পোস্টে লিখেন,“ছোটবেলায় নাকি আমি চুল গুছিয়ে মায়ের ঢলঢলে হাইহিল পড়ে ঘুরে বেড়াতাম। কেউ নাম জিজ্ঞেস করলে জবাবে বলতাম আমি কবিতার মেয়ে ববিতা। কবিতাও ঠিক করে বলতে পারতাম না। ক -অ -বিতা।”
তাকে অভিনয়শিল্পের ‘পাওয়ার হাউস’ আখ্যা দিয়ে জয়া এসময় বলেন,“ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস। তাঁর কাছ থেকে আমরা শিখেছি অভিনয় কীভাবে শিল্প হয়ে ওঠে, শিল্পীর ব্যক্তিত্ব ও সৌন্দর্য কীভাবে বহন করতে হয়। বহু দুর্বল সিনেমা স্মরণীয় হয়ে আছে শুধু তাঁরই অভিনয়গুণে।”
“ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারাটি গড়ে উঠেছিল কেবলই তাঁর অভিনয়ের শক্তিতে। সেই অবিকশিত সিনেমাজগতে থেকেও আশ্চর্য শক্তিতে তিনি নজর কেড়েছিলেন বিশ্বসিনেমার। তাঁর চরিত্রগুলো শুধু বিশ্বাসযোগ্যই হয়ে ওঠেনি, হয়ে উঠেছে আমাদের অভিজ্ঞতার অংশ। তাঁর কাছ থেকে আমাদের নেওয়ার, পাওয়ার, শেখার শেষ নেই। আমরা শুধু চলচ্চিত্রের লোকেরাই নই, বাংলাদেশের মানুষেরা তাঁর কাছে পরিশোধের অতীত ঋণে আবদ্ধ।” ববিতাকে নিয়ে বলছিলেন জয়া।
সবশেষে তাঁর একুশে পদকপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে জয়া লিখেন,“তাঁর একুশে পদক প্রাপ্তিতে আমরা সবাই গর্বিত। যদিও এই পদক তাঁকে আর নতুন কিছু দিতে পারেনি। দেশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে তিনি বরাবরই পেয়েছেন মানুষের প্রাণঢালা ভালোবাসা। তাঁকে অনিঃশেষ অভিনন্দন, সব সময়।”






