ঈদে মেহজাবীনের ‘প্রিয় মালতী’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার | চ্যানেল আই অনলাইন

ঈদে মেহজাবীনের ‘প্রিয় মালতী’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার | চ্যানেল আই অনলাইন

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও হচ্ছে না ব্যতিক্রম।

আসন্ন ঈদ উপলক্ষ্যেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! তারমধ্যে অন্যতম মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।

দেশ বিদেশে দর্শকদের প্রশংসা পাওয়া সিনেমাটি মুক্তি পায় ২০২৪ এর ডিসেম্বরে। বছর ঘুরে এবার ছোটপর্দায় সিনেমাটি দেখতে পারবেন দর্শক। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদুল ফিতরের আয়োজনে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে ‘প্রিয় মালতী’র।

২০২৪ সালের শেষে সবচেয়ে আলোচিত ছবি হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শঙ্খদাশ গুপ্ত পরিচালিত মেহজাবীন অভিনীত প্রথম ছবি ‘প্রিয় মালতী’।

সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে তাকে দেখা যায় নিম্ন- মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারীর চরিত্রে। ছবিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।