বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঘোষণা করেছে, দেশের সোনার দাম নতুন করে বাড়ানো হয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন হিসাব অনুযায়ী ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা পর্যন্ত পৌঁছেছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার আন্তর্জাতিক দাম বাড়ার কারণে স্থানীয় বাজারেও মূল্য বৃদ্ধি করা হয়েছে। অন্য ক্যারেটের দামের মধ্যে ২১ ক্যারেট ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।
সোনার সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৯৯৮ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৩১৬ টাকায় বিক্রি হবে।
বিশ্ববাজারে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের উত্তেজনার প্রভাব পড়ায় আন্তর্জাতিক সোনার দামও ঊর্ধ্বমুখী। গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ২৭৮ ডলার। এর আগে গত মাসে দাম ৫ হাজার ২০০–৫ হাজার ৫৫০ ডলারের মধ্যে ওঠানামা করেছিল।
গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার লাফিয়ে ওঠার প্রভাব পড়ে দেশের বাজারেও। ২৯ জানুয়ারি বাজুস একবারে প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড স্থাপন করে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।





