আড়াই মিনিটেই বদলে গেল জায়েদ খানের ইমেজ! | চ্যানেল আই অনলাইন

আড়াই মিনিটেই বদলে গেল জায়েদ খানের ইমেজ! | চ্যানেল আই অনলাইন

বেশ কয়েক মাস ধরেই নিউ ইয়র্কে বাস করছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ জায়েদ খান। গেল সপ্তাহে হঠাৎ করেই অন্তর্জালে একটি ছবি ভাইরাল হয়। যেখানে এই চিত্রনায়ককে নিউ ইয়র্কের রাস্তায় শ্রমিকের কাজ করতে দেখা যায়!

জায়েদকে এভাবে দেখে চমকে যান অনেকে। সত্যিই কি আমেরিকায় গিয়ে দিনমজুরের কাজ করছেন এই তারকা, এমন খটকা নিয়ে অনেককেই কথা বলতে দেখা যায়। আবার অনেকে নায়কের শ্রমিক পরিচয় নিয়ে ইতিবাচক মন্তব্যও করেন। কিন্তু দ্রুত সেই ভাইরাল হওয়া ছবিটির নেপথ্যে ছিলো মূলত নতুন কন্টেন্ট!

শুক্রবার (৬ মার্চ) নিজের ফেসবুকে জায়েদ খান তার নতুন কন্টেন্টটির পোস্টার প্রকাশ করেন। এর পরই খটকা দূর হয় অনেকে। পোস্টারটিতে দেখা গেছে, নিউ ইয়র্ক সিটির একটি স্টেশনে দাঁড়িয়ে আছেন তিনি। তার পরনে একটি হুডি এবং চেক শার্ট। চিরচেনা গ্ল্যামারাস লুকের বদলে এখানে একেবারে খেটে খাওয়া একজন সাধারণ বাঙালির চরিত্রেই দেখা গেছে তাকে!

কী ধরনের কন্টেন্ট, সন্ধ্যার পরই নিউ ইয়র্কভিত্তিক ঠিকানা খোলাসা করে সব। ঠিকানা তারে পেজে আড়াই মিনিটের কন্টেন্ট পোস্ট করে জানায়, মূলত এটি একটি শর্টফিল্ম। যার নাম ‘আমেরিকান ড্রিম’।

এ বিষয়ে ঠিকানা জানায়, ৩৭ বছর ধরে ‘ঠিকানা’ প্রবাসে বাংলাদেশের নাম, ভাষা ও সংস্কৃতিকে গর্বের সাথে তুলে ধরছে। এবার সেই গল্প বলার আরেকটি নতুন মাধ্যম, ঠিকানার প্রথম অরিজিনাল শর্টফিল্ম ‘আমেরিকান ড্রিম’, অভিনয়ে জায়েদ খান।

শর্টফিল্মটি নিয়ে ঠিকানা থেকে জানানো হয়,“প্রবাসীদের জীবনে ‘আমেরিকান ড্রিম’ শুধু স্বপ্ন নয়, তার পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ প্রথম পর্বে আমরা সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি।”

মাত্র আড়াই মিনিটে জায়েদ খানের অভিনয়, অভিব্যক্তি সাড়া পাচ্ছে সর্বত্র। যারাই দেখছেন, বলছেন- জায়েদকে এভাবে এরআগে কেউ কখনো তুলে ধরেনি। বৃষ্টি নামে একজন লিখেছেন,“অভিনেতা জায়েদ খানকে দেখলাম, আমরা হিরো জায়েদ খানকে চাই না।” তারিক হায়দার লিখেছেন,“অবশেষে আমরা অভিনেতা জায়েদ খানকে পেলাম। অসাধারণ পরিবর্তন। দারুণ অভিনয়।” খায়রুল ইসলাম লিখেছেন,“জায়েদ খান, খুব ভালো কাজ করলেন একটা। দারুণ এক্সপ্রেশন, বডি ল্যাংগুয়েজ এবং অভিনয়। সুপার্ব।” আরেকজন লিখেছেন, “প্রথমবার আপনার অভিনয় মন জুড়ালো।”

এরকম আরো শত শত মন্তব্য চোখে পড়েছে মাত্র জায়েদ খান অভিনী আড়াই মিনিটের ‘আমেরিকান ড্রিম’-এ!