প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রতিমন্ত্রী টুকু – DesheBideshe

প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রতিমন্ত্রী টুকু – DesheBideshe

টাঙ্গাইল, ৭ মার্চ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতে প্রাথমিক শিক্ষকদের চাকরিকে আরও সম্মানজনক ও আকর্ষণীয় করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মাননা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা হলো একটি জাতির মূল ভিত্তি। তাই এই পেশাকে এমনভাবে গড়ে তোলা হবে যেন এটি একটি লোভনীয় পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয় এবং মেধাবীরা আগ্রহ নিয়ে শিক্ষকতায় এগিয়ে আসেন। তিনি আরও উল্লেখ করেন, মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম তৃণমূল পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে উঠছে।

অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা তুলে ধরে সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো বিভাজন নেই, এ দেশের সবাই বাংলাদেশি। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।

এস এম/ ৭ মার্চ ২০২৬