আকুর দায় পরিশোধ: রিজার্ভ নেমে ৩০ বিলিয়নের নিচে | চ্যানেল আই অনলাইন

আকুর দায় পরিশোধ: রিজার্ভ নেমে ৩০ বিলিয়নের নিচে | চ্যানেল আই অনলাইন

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর দায় পরিশোধ করেছে বাংলাদেশ। রোববার ৮ মার্চ আকুর বিপরীতে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।

এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আকুর আওতায় আমদানি বিলের অর্থ প্রতি দুই মাস অন্তর পরিশোধ করতে হয়। সেই নিয়ম অনুযায়ী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের দায় পরিশোধ করা হয়েছে।

আঞ্চলিক বাণিজ্যের লেনদেন সহজ করতে গঠিত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানি বিল নিষ্পত্তি করা হয়। বর্তমানে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা- এই নয়টি দেশ এ ব্যবস্থার সদস্য। সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে বহুপাক্ষিক এই লেনদেন সম্পন্ন হয়।