আলি খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন ছেলে মোজতবা

আলি খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন ছেলে মোজতবা

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে।

বাংলাদেশ সময় রাত প্রায় সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়। সেখানে বলা হয়, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে।

ইরানে ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত বিশেষ পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্ট’ সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে। সর্বশেষ ভোটাভুটিতে এই পরিষদের সদস্যরা মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছেন।

এই পরিষদ নতুন নেতার প্রতি দেশের জনগণকে সমর্থন জানানোর আহ্বানও জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার স্ত্রী ও মেয়েসহ আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা সর্বোচ্চ নেতা থাকার সময় থেকেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল। বিশেষ করে ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

বাবার বয়স বাড়ার পর থেকেই অনেকেই তাকে সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করছিলেন। বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতবা এ বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে মন্তব্য করেন, মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হলে তা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সরাসরি যুক্ত করতে হবে। তবে ট্রাম্পের এমন মন্তব্যকে গুরুত্ব না দিয়ে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলেকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট।

সূত্র: আলজাজিরা