ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নির্বাচিত সব দলের সংসদ সদস্যরা উপস্থিত আছেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদে অধিবেশন শুরু হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা সংসদের অধিবেশনের কার্যক্রম শুরু করেন।
অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রচলিত নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।
এটি চলতি বছর ২০২৬ সালেরও প্রথম সংসদ অধিবেশন। সংসদীয় প্রথা অনুযায়ী প্রতি বছর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে সরকারের নীতিমালা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালী নির্ধারণে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ওই বৈঠকে অধিবেশনের সময়কাল ও কার্যসূচি নির্ধারণ করা হবে।
প্রথম বৈঠকে সরকারি দলের (ট্রেজারি বেঞ্চ) অন্যতম প্রধান কাজ হবে সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা, যেগুলোকে আইনে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের ১৮ মাসের মেয়াদে মোট ১৩০টি অধ্যাদেশ জারি বা সংশোধন করেছে।






