তৃতীয় টার্মিনাল চালুর জট খুলতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বৈঠকে বসছে সরকার – DesheBideshe

তৃতীয় টার্মিনাল চালুর জট খুলতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বৈঠকে বসছে সরকার – DesheBideshe

ঢাকা, ১৩ মার্চ – দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করার লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ফের আলোচনায় বসছে সরকার। এই বিষয়ে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তৃতীয় টার্মিনাল নিয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনা।

জানা গেছে, টার্মিনালের ব্যবস্থাপনা, পরিচালনা নিয়ন্ত্রণ ও আয়ের ভাগাভাগি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়ায় আগের সরকারের সময়ে এটি চালু করা সম্ভব হয়নি।

শুক্রবারের বৈঠকের ফলাফল শনিবার প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে পরবর্তী চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ ৯৯ শতাংশেরও বেশি শেষ হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে আংশিক উদ্বোধন হলেও এখনো এর পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যায়নি।

চুক্তিগত ও পরিচালনাগত জটিলতা নিরসনের মাধ্যমে টার্মিনালটি দ্রুত চালুর পথ খুঁজতেই সরকারের এই নতুন উদ্যোগ।

এনএন/ ১৩ মার্চ ২০২৬