তীব্র তেল সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে কিউবা | চ্যানেল আই অনলাইন

তীব্র তেল সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে কিউবা | চ্যানেল আই অনলাইন

তীব্র জ্বালানি সংকটের মুখে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কথা স্বীকার করেছে কিউবা। দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেল জানিয়েছেন, দ্বিপক্ষীয় বিরোধের সমাধান খুঁজতে এই সংলাপ শুরু হয়েছে।

লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট বলেন, পারস্পরিক সমস্যাগুলোর সমাধানের পথ খুঁজতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে।

মিগুয়েল ডিয়াজ-কানেল জানিয়েছেন, কিউবার পক্ষে তিনি নিজে এবং সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষে কারা এই সংলাপে অংশ নিচ্ছেন বা আলোচনা কোথায় হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এতদিন কিউবা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা চলছে এমন খবর অস্বীকার করে আসছিল। তবে সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর নাতি রাউল গুইলারমো রদ্রিগেজের মাধ্যমে যোগাযোগের যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, তা সরাসরি অস্বীকারও করা হয়নি।

উল্লেখ্য, কিউবার এই সংকটের পেছনে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধকে দায়ী করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকেই কিউবার ওপর তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়।