রিয়াদ, ১৪ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের একটি প্রধান জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খারগ দ্বীপে মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটে। হামলার আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি উপসাগরীয় ওই অঞ্চলের পেট্রোলিয়াম স্থাপনার আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল।
শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলার পর আমিরাতের ফুজাইরাহ বন্দর এলাকার আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ফুজাইরাহ মূলত আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং প্রধান তেল মজুদ ও বাণিজ্য কেন্দ্র। এখানে বিশাল একটি তেল রপ্তানি টার্মিনালও রয়েছে। উল্লেখ্য, এর আগেও দেশটির এই স্পর্শকাতর জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছিল।
এস এম/ ১৪ মার্চ ২০২৬






