খাল খননের কাজে অনিয়ম ও অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কোনোভাবেই জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করা যাবে না। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তাই খাল খননের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলব, এটি ঠিকাদার ও প্রকৌশলীদের আয় করার প্রকল্প হতে পারে না। খাল এমনভাবে খনন করতে হবে, যাতে উৎস থেকে শেষ প্রান্ত পর্যন্ত পানির প্রবাহ নিশ্চিত হয়।’
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আপনাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। কারণ, আপনারাই দেশের মালিক, আমরা কেবল আপনাদের সেবক বা মন্ত্রী হিসেবে কর্মচারী। তাই আমাদের সঙ্গে মালিকের মতোই আচরণ করবেন। আমাদের এমন প্রশ্রয় দেবেন না যে আপনারা প্রজা আর মন্ত্রীরা মালিক। আমি ও আমার সহকর্মীদের সঙ্গে অধিকার নিয়েই কথা বলবেন। অবশ্যই বাঁশের চেয়ে কঞ্চিকে মোটা হতে দেওয়া যাবে না।’




