মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল, মোট বাতিল ১৭৪ – DesheBideshe

মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল, মোট বাতিল ১৭৪ – DesheBideshe

চট্টগ্রাম, ২৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ সোমবার ২৩ মার্চ একদিনেই ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত তিনটি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি বহির্গমন ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এদিন বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ছয়টি আগমন ও পাঁচটি বহির্গমন ফ্লাইট সচল ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই এবং আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর পরিচালনায় এখনো স্থবিরতা বিরাজ করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অস্থিরতার জেরে সোমবারের সাতটি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এনএন/ ২৪ মার্চ ২০২৬