জেলার হালুয়াঘাট উপজেলার জামগড়া মোড় এলাকায় মুদিদোকানি শাহজালালের বাড়িতে অভিযান চালিয়ে ৩৭০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় শাহজালালকে পাওয়া যায়নি। মজুত করা জ্বালানি তেল পরবর্তী সময়ে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার ব্যবস্থা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জামগড়া মোড় এলাকায় শাহজালালের বাড়িতে অভিযানে যান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত। বাড়ির একটি ঘরে ৯টি গ্যালনে ৩৭০ লিটার পেট্রল মজুত অবস্থায় পাওয়া যায়। মুদিদোকানি শাহজালাল মুদিদোকানের পাশাপাশি পেট্রলও বিক্রি করতেন। কিন্তু মজুত রেখে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন তিনি।
ভারপ্রাপ্ত ইউএনও জান্নাত বলেন, মুদিদোকানি নিজ বাড়িতে ৯টি গ্যালনে ৩৭০ লিটার জ্বালানি মজুত করে রাখেন। অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। অভিযানের সময় মজুতকারীকে পাওয়া না যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।




