২২ জেলায় বইছে তাপপ্রবাহ, আরও বিস্তারের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের – DesheBideshe

২২ জেলায় বইছে তাপপ্রবাহ, আরও বিস্তারের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের – DesheBideshe

ঢাকা, ২ এপ্রিল – দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চৈত্রের তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি আরও বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং শুক্রবার থেকে এর আওতা ও মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বর্তমানে টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, নীলফামারী এবং রাজশাহী ও খুলনা বিভাগের ১৮টি জেলাসহ মোট ২২টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপপ্রবাহ দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

উল্লেখ্য বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এনএন/ ২ এপ্রিল ২০২৬