হরমুজ প্রণালিকে কেন ভূতাত্ত্বিক বিস্ময় বলা হয়

হরমুজ প্রণালিকে কেন ভূতাত্ত্বিক বিস্ময় বলা হয়

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝে অবস্থিত মাত্র ৩০ মাইল প্রশস্ত এক সরু পানিপথ হলো হরমুজ প্রণালি। আয়তনে ছোট হলেও এর গুরুত্ব বিশ্ব এখন টের পাচ্ছে। কারণ, বিশ্বের সমুদ্রপথে মোট তেল–বাণিজ্যের প্রায় এক–চতুর্থাংশই এই পথ দিয়ে পারাপার হয়। একে বলা হয় বিশ্বের প্রধান সামুদ্রিক ‘চোকপয়েন্ট’ বা যানজটের কেন্দ্রবিন্দু। যদি কোনো কারণে এই সরু পথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তবে মুহূর্তেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের কারণে বর্তমানে ঠিক এমনই এক সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী অধ্যাপক মাইক সার্লের জানান, এই প্রণালিটি কেবল অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং একটি ভূতাত্ত্বিক বিস্ময়ও বটে। কারণ, এটি পৃথিবীর সেই বিরল স্থানগুলোর একটি, যেখানে সরাসরি দুটি বিশাল মহাদেশের সংঘর্ষের চিহ্ন দেখা যায়। মাটির গভীরে চলা এই বিশাল ভূতাত্ত্বিক কারণেই আজকের এই অদ্ভুত ও গুরুত্বপূর্ণ পানিপথটি তৈরি হয়েছে।

দক্ষিণ ইরানের জাগ্রোস পর্বতমালা থেকে শুরু করে হরমুজ প্রণালির সবচেয়ে সরু বিন্দু পর্যন্ত তাকালে এক অদ্ভুত ভূপ্রকৃতি চোখে পড়ে। এখানে ওমানের মুসান্দাম উপদ্বীপটি যেন একটি ধারালো ছুরির মতো ইরানের দিকে উত্তর দিকে প্রসারিত হয়ে আছে। এই উপদ্বীপের খাড়া কালো পাথরের পাহাড় আর আঁকাবাঁকা উপকূলরেখা পৃথিবীর অন্যতম বিরল এক দৃশ্য।