ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৭ম বাংলাদেশ ইকোনমিকস সামিট ২০২৬।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিকস স্টাডি সেন্টার আয়োজিত এই তিন দিনব্যাপী সম্মেলনের উপপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনমিতিক লভ্যাংশের বাইরে: যুব কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কার’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা এবং অর্থনীতি অনুষদের ডিন ড. তৈয়েবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারপারসন ড. ফেরদৌসী নাহার ও ইকোনমিকস স্টাডি সেন্টারের মডারেটর ড. সেলিম রায়হান। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ইকোনমিকস স্টাডি সেন্টারের প্রকাশনা ‘সেটেরিস প্যারিবাস’ এবং ‘বাংলাদেশ স্টুডেন্ট ডাইজেস্ট অন ইকোনমিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএসডিইডি)’ জার্নালের মোড়ক উন্মোচন করেন।
ইএসসি’র প্রেসিডেন্ট অনির্বাণ ঘোষ স্বাগত বক্তব্যে বলেন, ১৯৭৩ সাল থেকে সংগঠনটি বিভিন্ন সেমিনার, আলোচনা ও পাঠচক্রের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি এমন কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন। ড. সায়মা হক বিদিশা দেশে শিক্ষিত বেকারত্বের চ্যালেঞ্জ তুলে ধরে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ড. তৈয়েবুর রহমান বলেন, এই আয়োজন শিক্ষক-শিক্ষার্থী, একাডেমি-ইন্ডাস্ট্রি এবং তত্ত্ব-গবেষণার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হবে। ড. সেলিম রায়হান ইকোনমিকস স্টাডি সেন্টারের সমৃদ্ধ ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে তরুণদের বাস্তবমুখী অর্থনৈতিক চিন্তায় উৎসাহিত করে আসছে।
তিন দিনব্যাপী এ সম্মেলনে পাবলিক লেকচার, ইকোনমিকস অলিম্পিয়াড ‘ইকনকোয়েস্ট’, পলিসি ডিবেট, সমসাময়িক অর্থনৈতিক ইস্যু নিয়ে প্যানেল আলোচনা আয়োজন করা হয়েছে। সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে সাউথইস্ট ব্যাংক। সহযোগিতায় রয়েছে ব্র্যাক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন, এসএটিভি, বাংলাভিশন, ডিবিসি নিউজ, একাত্তর টিভি ও চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যম।





