দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বাজুস জানায়, আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। রুপার ক্ষেত্রেও চলতি বছরে ৩৩ বার মূল্য সমন্বয় হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল স্বর্ণের দাম এক ধাপে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে বড় অঙ্কের মূল্য সমন্বয় দেখা গেল।




