‘একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল’ | চ্যানেল আই অনলাইন

‘একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল’ | চ্যানেল আই অনলাইন

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুতে শোকাহত পুরো শিল্পীসমাজের মাঝে এবার হৃদয়স্পর্শী বার্তা দিলেন তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। স্বামীর মৃত্যুর পর এই প্রথমবারের মতো সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করলেন তিনি।

গত ২৯ মার্চ শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণ হারান রাহুল। তার এই অকাল মৃত্যু ঘিরে তোলপাড় সৃষ্টি হয় পুরো টলিউডে। নিরাপত্তা ইস্যুতে শিল্পী, কলাকুশলী ও প্রযোজকদের একযোগে আন্দোলন, কর্মবিরতি— সব মিলিয়ে পরিস্থিতি ছিল উত্তপ্ত। এমন প্রেক্ষাপটে ৭ এপ্রিল ইন্ডাস্ট্রির ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে আবেগঘন পোস্ট দেন প্রিয়াঙ্কা।

নিজের পোস্টে তিনি লেখেন, ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের—একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়।

তিনি স্পষ্টভাবে জানান, “এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই; নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য—আমরা একটি পরিবার। পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই।”

রাহুলকে ঘিরে মানুষের ভালোবাসার কথাও তুলে ধরেন প্রিয়াঙ্কা। কেউ তাকে অভিনেতা হিসেবে, কেউ ‘অরুণোদয়’ নামে, আবার কেউ লেখক হিসেবে ভালোবেসেছেন—এই বহুমাত্রিক ভালোবাসাই তাকে বিশেষ করে তুলেছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে তার ভাষ্য, “রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউবা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল।”

তবে শুধু শোক নয়, পরিবর্তনের আহ্বানও জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়,“তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে; এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি।”

সবশেষে প্রিয়াঙ্কা আরও বলেন,“আমাদের লক্ষ্য হোক একটাই—ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী—মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।”