বক্স অফিসের ১০০০ কোটির অঙ্কটা এখন যেন এই নায়কের হাতের খেলনা। যেখানে শাহরুখ খান কিংবা এই প্রজন্মের হার্টথ্রব রণবীর সিংয়ের ঝুলিতে রয়েছে দু’টি করে ১০০০ কোটির ছবি, সেখানে চুপিচুপি সবাইকে টেক্কা দিয়ে রেকর্ড গড়ে ফেলেছেন এই তারকা। ভারতের প্রথম ও একমাত্র অভিনেতা হিসেবে তিনি এখন চারটি ১০০০ কোটি ক্লাবের সদস্য। তিনি আর কেউ নন, সঞ্জয় দত্ত!
সঞ্জয় দত্তর ‘ম্যাজিক ফোর’
সঞ্জয় দত্তর এই জয়যাত্রার তালিকায় রয়েছে প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টার থেকে শুরু করে বলিউডের স্পাই-থ্রিলার। তার সেই চারটি ১০০০ কোটির ছবিগুলো হলো-
১. কেজিএফ: চ্যাপ্টার ২: খলনায়ক ‘অধীরা’র চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে গেঁথে গিয়েছিল।
২. জওয়ান: শাহরুখ খানের এই মেগা হিটে সঞ্জয় দত্তর সেই ক্যামিও বা বিশেষ উপস্থিতি আজও ফ্যানদের প্রিয়।
৩. ধুরন্ধর: আদিত্য ধরের এই ছবিতে এসপি চৌধুরী আসলাম হিসেবে সঞ্জয় দত্তর দাপট ছিল চোখে পড়ার মতো।
৪. ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ: সদ্য মুক্তি পাওয়া এই সিক্যুয়েলটি ইতিমধ্যেই ১০০০ কোটির মাইলফলক পেরিয়ে ইতিহাস গড়েছে।
কেন পিছিয়ে শাহরুখ-রণবীর?
পরিসংখ্যান বলছে, শাহরুখ খানের ঝুলিতে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। অন্যদিকে রণবীর সিংয়ের রেকর্ড বইতে রয়েছে ‘ধুরন্ধর ১’ ও ‘ধুরন্ধর ২’। কিন্তু সঞ্জয় দত্ত দক্ষিণ ভারতের বাজার এবং বলিউডের বড় প্রজেক্ট— দু’টিকে এমনভাবে কব্জা করেছেন যে, তিনি এখন ১০০০ কোটি ক্লাবের অঘোষিত সম্রাট। দীপিকা পাডুকোনও তিনটি ১০০০ কোটির ছবি (জওয়ান, পাঠান, কল্কি ২৯৮৯ এডি) নিয়ে বেশ কাছাকাছি থাকলেও, সঞ্জয় দত্ত এখনও সবার ধরাছোঁয়ার বাইরে।
সাফল্যের নেপথ্যে ‘ধুরন্ধর’ জুটি
রণবীর সিংয়ের অভিনয় আর আদিত্য ধরের তুখোড় পরিচালনা ‘ধুরন্ধর ২’-কে ভারতের প্রথম হিন্দি সিনেমা হিসেবে একক ভাষায় ১০০০ কোটি নেট সংগ্রহের রেকর্ড এনে দিয়েছে। আর এই সাফল্যের ভাগীদার হয়ে সঞ্জয় দত্ত প্রমাণ করলেন, বয়স বা চরিত্র নয়, বড় পর্দায় তার উপস্থিতিটুকুই বক্স অফিসে আগুন জ্বালানোর জন্য যথেষ্ট।
সঞ্জয় দত্তের পর যে ভারতীয় তারকা ১০০০ কোটির ক্লাবে দু-নম্বরে রয়েছেন, তিনি দীপিকা পাডুকোন। সুন্দরীর ‘জওয়ান’, ‘পাঠান’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ ১০০০ কোটির মাইলফলক ছুঁয়েছে।





