গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি | চ্যানেল আই অনলাইন

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি | চ্যানেল আই অনলাইন

অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তী কণ্ঠশিল্পী আশা ভোঁসলে। শনিবার (১১ এপ্রিল) ৯২ বছর বয়সী এই শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিল্পীর শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আশা ভোঁসলের নাতনিও সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, “অতিরিক্ত ক্লান্তি এবং বুকের সংক্রমণের কারণে আমার দাদীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে, আশা করছি শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন।” একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ৮ সেপ্টেম্বর ৯৩ বছরে পা দেবেন আশা ভোঁসলে। দীর্ঘ সংগীতজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন, যার মধ্যে ‘পিয়া তু আব তো আজা’, ‘জাইয়ে আপ কাহাঁ জায়েঙ্গে’, ‘রঙ্গীলা রে’ এবং ‘শরারা শরারা’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্রে ‘চলা চলা নব বালা’ গান দিয়ে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন এই শিল্পী। শুরুতে মূলত চটুল গানে পরিচিতি পেলেও পরবর্তীতে ‘দিল চিজ ক্যা হ্যায়’-এর মতো গজল এবং শাস্ত্রীয় ধারার গানে নিজের বহুমাত্রিক প্রতিভার প্রমাণ দেন তিনি। এনডিটিভি