তবে সেন্টকম বলেছে, ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী যেসব জাহাজ ইরানের বাইরের কোনো বন্দর থেকে আসছে বা সেখানে যাচ্ছে, তাদের নৌ চলাচলের স্বাধীনতায় মার্কিন বাহিনী কোনো বাধা দেবে না।’
সেন্টকমের ঘোষণাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দেওয়া হুমকি থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্প পুরো হরমুজ প্রণালি অবরোধ এবং ইরানকে টোল দেওয়া জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।
ওয়াশিংটন ডিসি থেকে আল–জাজিরার সংবাদকর্মী হেইডি ঝৌ-কাস্ত্রো বলেছেন, ‘এখানে অনেক প্রশ্ন রয়েছে।’ তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ‘সাংঘর্ষিক তথ্যের’ দিকেও ইঙ্গিত করেছেন।
হেইডি ঝৌ-কাস্ত্রো বলেন, ‘ট্রাম্প বলেছিলেন, এই অবরোধ হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ বা বের হওয়া সব জাহাজকে লক্ষ্যবস্তু করবে। কিন্তু সেন্টকম বলছে, এটি শুধু ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোকেই নিশানা করবে।’
যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকির পর মার্কিন অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে।




