বিস্তৃত হচ্ছে এশিয়ার ক্লাব ফুটবলের আসর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ২৪ দলের পরিবর্তে ৩২ দল নিয়ে আয়োজিত হবে এশিয়ান ফুটবলের অন্যতম আকর্ষনীয় এই আসর। মঙ্গলবার এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এ ঘোষণা দিয়েছে।
এফসির নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের পর আগামী ২০২৬-২৭ মৌসুম থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম। বর্তমানে টুর্নামেন্টটি ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে ‘পূর্ব’ ও ‘পশ্চিম’এ দুই অঞ্চলে বিভক্ত। নতুন কাঠামোতেও এই ভাগ থাকছে, তবে প্রতিটি অঞ্চলে দলের সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৬ করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, দুই অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষ ছয়টি দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেবে। অন্যদিকে, সপ্তম থেকে দশম স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে নতুন সংযোজিত ‘নকআউট স্টেজ প্লে-অফ’। সেখান থেকে জয়ী দলগুলো শেষ ষোলোর বাকি স্থানগুলো পূরণ করবে।
২০২৪–২৫ মৌসুম থেকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের নাম বদলে রাখা হয় ‘এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট’। বর্তমানে এই আসরের শেষ ষোলো পর্বের ম্যাচগুলো সৌদি আরবের জেদ্দার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও আয়োজন করা হবে একই শহরে।




