
দিল্লী, ১৫ এপ্রিল – আইপিএলে চলমান মৌসুমে সময়টা মোটেও ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। প্রথম পাঁচ ম্যাচেই জয়হীন থেকে পয়েন্ট তালিকায় ধুঁকছে দলটি। এর মধ্যেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গতকালকের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়েছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। ম্যাচ চলাকালে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় অর্থাৎ স্লো ওভার রেটের কারণে তাকে জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।
আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী এই মৌসুমে প্রথমবারের মতো দলটির এমন ভুলের জন্য রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। চলতি আসরে পঞ্চম অধিনায়ক হিসেবে একই ধরনের শাস্তির মুখে পড়লেন রাহানে।
এর আগে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার দুই ম্যাচে মোট ৩৬ লাখ টাকা জরিমানা দিয়েছেন। এছাড়া গুজরাট টাইটান্সের শুবমান গিল, চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড় এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়াকেও ১২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল।
এস এম/ ১৫ এপ্রিল ২০২৬






