
ঢাকা, ২২ এপ্রিল – প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন। অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসীকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করে এই নতুন দায়িত্ব প্রদান করে। তিনি বর্তমান মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।
শাহীনা ফেরদৌসী এর আগে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তাকে সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশ দেওয়া হলেও নতুন প্রজ্ঞাপনে তাকে শিক্ষা অধিদপ্তরের শীর্ষ পদে পদায়ন করা হয়েছে।
অন্য এক আদেশে বর্তমান মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সরকারি প্রাথমিক শিক্ষার প্রশাসনিক ইতিহাসে এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এনএন/ ২২ এপ্রিল ২০২৬






