বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মধ্যে রাজনৈতিক সংলাপ জোরদারের বিষয়ে উভয় পক্ষই আগ্রহী বলে জানিয়েছেন বিজেপির এক শীর্ষ নেতা।
যুক্তরাষ্ট্রের হাডসন ইনস্টিটিউট আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বিজেপির পররাষ্ট্রবিষয়ক বিভাগের প্রধান বিজয় চৌথাইওয়ালে বলেন, দুই দলের মধ্যে আরও কাঠামোবদ্ধ রাজনৈতিক সংলাপ শুরু করার বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে।
বিজয় জানান, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার ভারত সফর ইতিবাচক ফল দিয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি তিনি তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা ছিল সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ।
বিজয়ের ভাষ্য অনুযায়ী, তারেক রহমান বিজেপি সভাপতি নীতিন নবীনকে একটি চিঠি পাঠিয়েছেন, যা হুমায়ুন কবিরের মাধ্যমে তার কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, দুই দলের মধ্যে আগে কিছু যোগাযোগ থাকলেও তা খুব শক্তিশালী ছিল না। তবে এখন উভয়পক্ষই আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করতে আগ্রহী।
বিশ্লেষকদের মতে, এই মন্তব্য ভারত ও বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দলগুলোর মধ্যে রাজনৈতিক যোগাযোগ বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এটি ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে।






