দিল্লী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইমপ্রেসের দুই সিনেমা | চ্যানেল আই অনলাইন

দিল্লী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইমপ্রেসের দুই সিনেমা | চ্যানেল আই অনলাইন

ভারতের রাজধানী দিল্লীতে অনুষ্ঠিতব্য ‘দিল্লী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’এ প্রদর্শিত হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের দুটি চলচ্চিত্র। একটি নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, অন্যটি তৌফিক এলাহি পরিচালিত ‘নীলপদ্ম’।

ফেস্টিভালে ৫ মে স্থানীয় সময় সকাল ১১.৫৩ মিনিটে ‘মানুষের বাগান’ এবং ৬ মে সন্ধ্যা ৬.১৫ মিনিটে ‘নীলপদ্ম’ প্রদর্শিত হবে।

সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে গড়ে উঠেছে ‘মানুষের বাগান’র কাহিনী। এতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে। শিগগির দেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাবে।

এর আগে দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ‘নীলপদ্ম’। দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে প্রায় দুই বছর গবেষণা করে সিনেমা নির্মাণ করেছিলেন তৌফিক এলাহী।

গেল বছর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এতে অভিনয় করেছিলেন রুনা খান, রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, শাহেদ আলী, সুজাত শিমুল।

এদিকে, দিল্লী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ‘মানুষের বাগান’ ও ‘নীলপদ্ম’ সিনেমা দুটি নিয়ে সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন, ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হবে নতুন অভিজ্ঞতা।