মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড অভিনেতা আমির খানের ছেলে ও অভিনেতা জুনায়েদ খানের আসন্ন সিনেমা ‘এক দিন’। সম্প্রতি অভিনেতা ‘এক দিন’ সিনেমার টিমের সঙ্গে মিলে প্রমোশনের অংশ হিসাবে ‘এক দিন কি মেহফিল’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করেন। যেই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও অনলাইনে ভাইরাল ৷
যার একটিতে আমির খানকে দেখা গেছে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলতে ৷ শুধু তাই নয়, সিনেমায় সাই পল্লবীর অভিনয় দেখে ‘আমাদের দেশের সেরা অভিনেত্রী’ হিসেবে ভূয়সী প্রশংসাও করেন।
বিটাউনে জুনায়েদ খান ধীরে ধীরে অভিনয় দিয়ে নিজের মাটি শক্ত করছেন ৷ সহকারী পরিচালক থেকে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি ৷ দর্শকদের নজর কাড়েন সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘মহারাজ’ সিনেমায় ৷ এবার মুক্তির অপেক্ষায় সুনীল পাণ্ডে পরিচালিত ‘এক দিন’।
সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে ছেলে জুনায়েদ ও অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে এই সিনেমা দেখেন ৷ অভিনয় দেখে আমিরের চোখে জল আসে ৷ সেই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে আমিরকে নিজের টি-শার্ট দিয়ে চোখের জল মুছতে দেখা যায় ৷ সাই ও জুনায়েদকে তার সঙ্গে কথা বলতে এবং তাকে সান্ত্বনা দিতে দেখা যায়।
অন্য একটি ভিডিওতে আমিরকে সাই পল্লবীর প্রশংসা করতে শোনা যায় ৷ তিনি বলেন, “সাই অসাধারণ কাজ করেছে ৷ ওর অভিনয় দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আমার মতে, বর্তমানে আমাদের দেশে সাই-ই হল সেরা অভিনেত্রী।”
ভিডিওতে সাইকে হাসতে এবং আমিরের এই কথাগুলোর জন্য তাকে ধন্যবাদ জানাতে দেখা যায়। এরপর তিনি সিনেমাটিতে তার ছেলের অভিনয় নিয়েও কথা বলেন এবং মজা করে বলেন, “জুনায়েদও ঠিকঠাক করেছে। ও আমার ছেলে, তাই বেশি কিছু বলতে পারি না। আসলে সিনেমার সব কলাকুশলীই দারুণ কাজ করেছেন এবং আমি তাদের জন্য খুব খুশি।”
১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা ৷ মুক্তির ৩৯ দিন আগেই সিনেমার অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে যায়। এখন আমিরের মতো এই সিনেমা দর্শকদের মনে কতটা জায়গা করে নেয়, তা সময় বলবে ৷






