সৌদির বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

সৌদির বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জি. ওয়ালিদ আবদুল করিম আল খুরেইজির সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (২৭ এপ্রিল) সৌদির পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল খুরেইজির সঙ্গে রিয়াদে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা কবির প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে প্রেরিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংহতির বার্তা হস্তান্তর করেন।

উপদেষ্টা উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে রয়েছে। তিনি বাণিজ্য ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ ব্যক্ত করেন।

উপদেষ্টা আরও জানান যে, প্রধানমন্ত্রী সৌদি আরবের বাদশাহ এবং ক্রাউন প্রিন্সকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সৌদি উপমন্ত্রী উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এই অঞ্চলের এই সংকটময় সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।