পর্দায় এবার ভ্রমণের গল্প, দেশজুড়ে ট্যালেন্ট হান্টের ডাক! | চ্যানেল আই অনলাইন

পর্দায় এবার ভ্রমণের গল্প, দেশজুড়ে ট্যালেন্ট হান্টের ডাক! | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের বিনোদন ও পর্যটন খাতে নতুন এক দিগন্তের সূচনা করেছে ‘চলো ঘুরে আসি’ এবং এর ট্যালেন্ট হান্ট প্ল্যাটফর্ম ‘ফেস অব টুমোরো’। স্টোরিটেলিং ও প্রতিভা অনুসন্ধানকে একসাথে যুক্ত করে দেশের প্রথম ট্রাভেল-স্টোরি ভিত্তিক সিনেম্যাটিক ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হলো এই উদ্যোগের মাধ্যমে।

মার্কেটার্স ৩৬০ ডিগ্রি আয়োজিত এই প্রকল্পটি মূলত দুটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ‘ফেস অব টুমোরো’র মাধ্যমে দেশজুড়ে নতুন অভিনয়শিল্পী খোঁজা হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত প্রতিভাদের নিয়ে দেশের তুলনামূলক কম পরিচিত ১০টি ভিন্ন লোকেশনে নির্মিত হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা, প্রতিটির দৈর্ঘ্য থাকবে প্রায় ২০ মিনিট।

এই প্রকল্পের জন্য সংগৃহীত ৬০০টিরও বেশি বাস্তব ভ্রমণ-গল্প থেকে বাছাই করা সেরা ১০টি গল্পকে চলচ্চিত্রে রূপ দেবেন দেশের ১০ জন নির্মাতা। তাদের মধ্যে রয়েছেন কচি খন্দকার, মাহমুদা সুলতানা রীমা, জাহিদ প্রীতম, প্রীতি দত্ত, আলোক হাসান, মাইদুল রাকিব, শ্রাবণী ফেরদৌস, মুহাম্মাদ মিফতাহ আনান, ইফতেখার ইফতি ও রিজওয়ানুল ইসলাম সানজিদ।

‘ফেস অব টুমোরো’র প্রাথমিকভাবে নির্বাচিত অংশগ্রহণকারীরা অংশ নেবেন ২০ দিনের একটি গ্রুমিং বুটক্যাম্পে। সেখানে অভিনয়, ক্যামেরা পারফরম্যান্সসহ পেশাদার দক্ষতার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর প্রধান চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত হতে পারেন।

এই পুরো প্রক্রিয়ায় বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন অনিমেষ আইচ, নাজনীন হাসান চুমকি এবং রিচি সোলায়মান। তাদের তত্ত্বাবধানে চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিযোগীরাই অভিনয় করবেন ১০টি চলচ্চিত্রে।

আয়োজকরা জানিয়েছেন, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসকে ‘ট্যুরিজম মান্থ’ হিসেবে উদযাপন করা হবে। এর অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে ১০টি সিনেমা একযোগে নাগরিক টিভি ও ‘চলো ঘুরে আসি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

উদ্যোক্তাদের মতে, এটি শুধুমাত্র একটি প্রকল্প নয়; বরং দীর্ঘমেয়াদী একটি সিনেম্যাটিক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে দেশের অপ্রচলিত পর্যটন গন্তব্যগুলো তুলে ধরা হবে। একইসঙ্গে স্থানীয় মানুষের সম্পৃক্ততা বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পর্যটন উন্নয়নেও ভূমিকা রাখবে এই উদ্যোগ। পুরো আয়োজনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে টাইম ফর ট্রাভেল।

উল্লেখ্য, ‘ফেস অব টুমোরো’ প্ল্যাটফর্মে অংশ নিতে আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত।