পিএসজির ‘চ্যালেঞ্জ’ নেয়ার মত কেউ থাকলে সেটা বায়ার্ন: কোম্পানি | চ্যানেল আই অনলাইন

পিএসজির ‘চ্যালেঞ্জ’ নেয়ার মত কেউ থাকলে সেটা বায়ার্ন: কোম্পানি | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগের আসর জমে উঠেছে, কোয়ার্টার ফাইনাল পেরিয়ে দলগুলো এখন সেমিফাইনালে। আসরের এ পর্যায়ে দেখা হতে যাচ্ছে অন্যতম ফেভারিট দুই দল পিএসজি ও বায়ার্ন মিউনিখের। তবে বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি বলছেন, বর্তমান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা একমাত্র তার দলেরই আছে।

মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে নামবে আসরটির বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। প্রথম লেগের খেলা হবে পিএসজির ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

আসরের আগে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানাতে কোম্পানি বলেন, ‘এ বছর আমরা বার্নাব্যু এবং প্যারিস দুই জায়গাতেই জিতেছি। প্যারিস নিঃসন্দেহে এখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী। কিন্তু যদি কোনো দল এই চ্যালেঞ্জ নিতে পারে, তবে সেটা আমরাই। আমরা জানি প্যারিস কতটা ভালো দল, কিন্তু আমরা এই ম্যাচটা জিততে চাই।’

‘দলটির বিপক্ষে আমাদের অভিজ্ঞতা আছে। কিন্তু আমাদের প্রতিপক্ষের ক্ষেত্রেও ব্যাপারটা একইরকম। উভয় দলেরই প্রচুর সৃজনশীলতা রয়েছে। বিষয়টি হলো খুঁটিনাটি, তীব্রতা এবং শক্তির পার্থক্য।’

এ মৌসুমে ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্নের স্ট্রাইকার হ্যারি কেন সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ৫৩ গোলের দেখা পেয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা ১২টি। পিএসজির সাথে সবশেষ দেখায় ২-১ গোলের জয় পেয়েছিল বায়ার্ন।