৭০ ও ৮০-এর দশকের তুমুল জনপ্রিয় নায়ক ‘মেগাস্টার উজ্জ্বল’-এর জন্মদিন মঙ্গলবার (২৮ এপ্রিল)। এদিন চ্যানেল আইয়ে আয়োজন করা হয় এই নায়ককে নিয়ে বিশেষ অনুষ্ঠান। এ উপলক্ষে চ্যানেলটির নিয়মিত আয়োজন ‘তারকা কথন’-এর বিশেষ পর্বেও অংশ নেন তিনি।
অনুষ্ঠানের আগে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উজ্জ্বল। এসময় ফুল দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ফরিদুর রেজা সাগর।
‘তারকা কথন’-এ অংশ নিয়ে উজ্জ্বল বলেন, বিশেষ দিনগুলোতে চ্যানেল আই শিল্পীদের স্মরণ করে থাকে, যা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, “চ্যানেল আই সব সময় শিল্পীদের পরিবারের সদস্যের মতো মনে করে। সফল কিংবা ব্যর্থ—সবাইকে একসঙ্গে নিয়ে তারা এগিয়ে যায়।”
লাইভ অনুষ্ঠানে ফোন করে উজ্জ্বলকে চমকে দেন জনপ্রিয় নায়ক আলমগীর। এসময় দু’জনের মধ্যে বয়স নিয়ে হালকা খুনসুটি দেখা যায়। আলমগীর সম্পর্কে উজ্জ্বল বলেন, তিনি একজন অসাধারণ অভিনেতা। অনস্ক্রিনে একসঙ্গে কাজ করার সুযোগ না হলেও অফস্ক্রিনে তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ভবিষ্যতে সুযোগ পেলে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ১৯৪৮ সালের ২৮ এপ্রিল সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নকালে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন এবং পরবর্তীতে অভিনয়ে মনোনিবেশ করেন।
মাত্র ২২ বছর বয়সে প্রয়াত নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তাঁর। ১৯৭০ সালের ৩ জুলাই মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রে অন্ধ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের দৃষ্টি কাড়েন।
পরবর্তী সময়ে ‘নসীব’, ‘দুটি মন দুটি আশা’, ‘অচেনা অতিথি’, ‘বাংলার মুখ’, ‘ফকির মজনুশাহ’, ‘উসিলা’, ‘ঘর সংসার’, ‘অনুরাগ’, ‘কুদরত’, ‘অপরাধ’, ‘পিঞ্জর’, ‘দোস্তী’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেন।
শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা প্রযোজনা ক্ষেত্রেও যুক্ত ছিলেন এবং চলচ্চিত্র প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিনয় জীবনের পাঁচ দশকেরও বেশি সময় অতিক্রম করা উজ্জ্বল বাংলা চলচ্চিত্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।
ব্যক্তিজীবনে তিনি মেরিনা আশরাফের স্বামী ছিলেন। ২০২১ সালের অক্টোবরে তার স্ত্রী মারা যান। তাদের দুই সন্তান—মেহবুব আশরাফ ও তানজিনা ফেরদৌস জেবিন।







