প্রবাসে বৈশাখ, জায়েদ খানসহ মঞ্চ কাঁপাবেন যারা | চ্যানেল আই অনলাইন

প্রবাসে বৈশাখ, জায়েদ খানসহ মঞ্চ কাঁপাবেন যারা | চ্যানেল আই অনলাইন

বাংলা নববর্ষ উদযাপনে এবার আমেরিকার ওকলাহোমা অঙ্গরাজ্যে বইছে উৎসবের আমেজ। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য এই বিশাল এই ‘বৈশাখী মেলা’ ও কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান।

দেশী ইয়ুথ এসোসিয়েশন ওকলাহোমা’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি নিয়ে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে জানান জায়েদ খান। তিনি জানান, তার পাশাপাশি মঞ্চ মাতাতে আরও যোগ দিচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা।

আয়োজক সংগঠনটি জানিয়েছে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে পৌঁছে দেওয়া এবং বাংলাদেশিদের এক মিলনমেলায় রূপ দেওয়াই এই বৈশাখী মেলার মূল লক্ষ্য। মেলায় কনসার্টের পাশাপাশি দেশীয় পণ্যের স্টল ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের পসরা বসবে বলেও আশা করা হচ্ছে।

ওকলাহোমার এই আয়োজনটি ইতোমধ্যে প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। গত বছর একই আয়োজনে দর্শক মাতিয়েছিলেন কিংবদন্তী রকস্টার নগর বাউল জেমস। সেই ধারাবাহিকতায় এবারও বিনোদনের পূর্ণ মাত্রা বজায় রাখতে এই তারকা বহরকে আমন্ত্রণ জানানো হয়েছে।