স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের পানি ব্যবস্থাপনায় এখন ভূগর্ভস্থ উৎসের ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে।
রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে বিশ্ব পানি দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত নগরায়ণের কারণে দেশে নিরাপদ পানির প্রাপ্যতা ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। বিশেষ করে রাজধানী ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা পানি ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছে।
এই পরিস্থিতি মোকাবিলায় নদী ও জলাধার সংরক্ষণ, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং আধুনিক পানিশোধন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নিরাপদ পানি প্রাপ্তিতে বৈষম্যের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, শহরের নিম্নআয়ের মানুষ ও বস্তিবাসীরা তুলনামূলক বেশি সমস্যার মুখে পড়েন, যা একটি মানবিক ও উন্নয়নগত চ্যালেঞ্জ। এ বৈষম্য দূর করতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
সেমিনারে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান সভাপতিত্ব করেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের নানা অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিসেফ-এর প্রতিনিধি স্ট্যানলি গাভাভুয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহাম্মদ।
বক্তারা পানি দূষণ রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সমাধানের ওপর জোর দেন। তারা বলেন, কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব নয়।






