
কক্সবাজার, ২ মে – কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে এক জেলের করুণ মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার একটি লবণমাঠে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জেলের নাম সরোয়ার কামাল। তিনি খারাংখালী নতুন পাড়া এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরোয়ার কামাল নাফ নদী থেকে মাছ শিকার করে বাড়ি ফিরছিলেন। পথে খারাংখালী লবণমাঠ এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরোয়ার কামালের পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। রাতেই পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
এনএন/ ২ মে ২০২৬






