দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
মঙ্গলবার (৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার প্রভাবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।





