আকুর বিল পরিশোধের প্রস্তুতিতে তিন ব্যাংক থেকে ৮ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক – DesheBideshe

আকুর বিল পরিশোধের প্রস্তুতিতে তিন ব্যাংক থেকে ৮ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক – DesheBideshe


আকুর বিল পরিশোধের প্রস্তুতিতে তিন ব্যাংক থেকে ৮ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক – DesheBideshe

ঢাকা, ৫ মে – এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের প্রস্তুতি হিসেবে তিন বাণিজ্যিক ব্যাংক থেকে ৮ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।

গত সোমবার ও মঙ্গলবার দুই দফায় প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ডলার সংগ্রহের পর মঙ্গলবার দিন শেষে বিপিএম ৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬১ বিলিয়ন ডলারে। গ্রস বা মোট হিসাবে এই রিজার্ভের পরিমাণ এখন ৩৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার। আগামী সপ্তাহে মার্চ ও এপ্রিল মাসের আকু বিল পরিশোধ করবে বাংলাদেশ।

এর আগে গত মার্চ মাসে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের বিল পরিশোধ করা হয়েছিল। জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। সদস্য দেশগুলো প্রতি দুই মাস অন্তর নিজেদের মধ্যকার বাণিজ্যিক লেনদেন সমন্বয় করে।

বাংলাদেশ ব্যাংক সাধারণত প্রতি দুই মাস পর পর গড়ে প্রায় সোয়া এক বিলিয়ন ডলারের দায় শোধ করে থাকে।

চলতি অর্থবছরে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৫৭৫ কোটি ডলার বা ৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার ক্রয় করেছে। এর মধ্যে মে মাসেই কেনা হলো ৮ কোটি ডলার। এর আগে গত ১৫ ও ১৬ এপ্রিল দুই দিনে মোট ১২ কোটি ডলার কেনা হয়েছিল।

বর্তমানে আন্তঃব্যাংক বাজারেও ডলারের সর্বোচ্চ লেনদেন দর ১২২ টাকা ৭৫ পয়সা বজায় রয়েছে।

এনএন/ ৫ মে ২০২৬