বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন অর্থনীতিবিদ ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার ৭ মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, দেশের বর্তমান উন্নয়ন পর্যায়ে টেকসই অগ্রগতির জন্য শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
সেন্টারে ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ‘শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকার বাজেট ও বাস্তবতা’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচকরা বলেন, সাধারণ নাগরিকদের প্রধান তিনটি প্রত্যাশা হলো শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান। তারা মনে করেন, এই তিন খাতে সমন্বিত উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়।
শিক্ষা প্রতিমন্ত্রী জানান, সরকার কর্মসংস্থান সৃষ্টিকে লক্ষ্য রেখে শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং সেই অনুযায়ী নীতিমালা গ্রহণ করা হচ্ছে। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শুধু বাজেটে বরাদ্দ বাড়ালেই হবে না, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার এবং তার ফলাফল কী হচ্ছে তার কার্যকর মূল্যায়নও জরুরি।
তিনি আরও বলেন, উন্নয়নকে এগিয়ে নিতে হলে শিক্ষা খাতকে শুধু ব্যয়ের ক্ষেত্র নয়, বরং বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে, যেখানে দক্ষ মানবসম্পদ তৈরিই হবে মূল লক্ষ্য।





