বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কেটি পেরিদের সাথে বাংলাদেশি সঞ্জয়! | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কেটি পেরিদের সাথে বাংলাদেশি সঞ্জয়! | চ্যানেল আই অনলাইন

আসন্ন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধনী মঞ্চে তার উপস্থিতির খবর ইতোমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তদের মাঝে।

এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিনটি দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করছে ফিফা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে হিউস্টন ও ফিলাডেলফিয়ায় বিশেষ আয়োজনও থাকছে।

ফিফার ঘোষিত তালিকা অনুযায়ী, আগামী ১২ জুন সোফি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন সঞ্জয়। একই মঞ্চে থাকবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী কেটি পেরি এবং লিসা।

খবরটি নিশ্চিত করে সঞ্জয় বলেন, “জীবনে এমন মুহূর্তের স্বপ্ন দেখতাম। আজ সেই মঞ্চের অংশ হতে পারছি, এটা অবিশ্বাস্য লাগছে। একজন অভিবাসী পরিবারের সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু।”

তিনি আরও বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি সেই সব তরুণদের প্রতিনিধিত্ব করে, যারা দুই ভিন্ন সংস্কৃতির মধ্যে বড় হয়েছে এবং বিশ্বাস করেছে যে তাদের কণ্ঠ বিশ্বজুড়ে পৌঁছাতে পারে।”

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে। মেক্সিকোর এস্তাদিও এতেকায় ১১ জুন পর্দা উঠবে টুর্নামেন্টের। সেখানে মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে পারফর্ম করবেন মানা, আলেজান্দ্রো ফারনান্দেজ, বেলিন্ডা ও টেলা।

অন্যদিকে কানাডার টরন্টোতে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচের আগে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস ও অ্যালেসিয়া কারা।