‘মা-বাবার বুক খালি করার বদ দোয়া অনেক ভয়ংকর’ | চ্যানেল আই অনলাইন

‘মা-বাবার বুক খালি করার বদ দোয়া অনেক ভয়ংকর’ | চ্যানেল আই অনলাইন

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর চাপ, বাড়ছে মৃত্যুর ঘটনাও। এমন বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ থেকে সোচ্চার অভিনয়শিল্পীরাও।

শনিবার দুপুরে আবেগঘন এক পোস্ট দিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

‘বিয়ের ১১ বছর পর সন্তানের জন্ম, মৃত্যু হামে’—শিরোনামের একটি সংবাদ শেয়ার করে অভিনেতা লিখেছেন, শিশুটির মরদেহ দেখে তিনি দীর্ঘ সময় কেঁদেছেন। সেই পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ইরফান সাজ্জাদ লেখেন, “বাচ্চাটার লাশ দেখে কতক্ষণ যে কান্না করেছি মনে নেই। মনে হচ্ছিল আমার বুকটাই খালি হয়ে গেছে।”

তিনি আরও লেখেন, “দেশে যে নিরবে কতগুলো মা বাবার বুক খালি হয়ে যাচ্ছে, অথচ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে কোন মেজর নির্দেশনা এখনো নাই!”

বর্তমান পরিস্থিতিতে কীভাবে সন্তানদের নিরাপদ রাখা যাবে, তা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেতা। করোনাকালের মতো আবারও কোয়ারেন্টাইনে যেতে হবে কিনা, এমন আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

প্রশ্ন রেখে তিনি বলেন,“আর কতগুলো ফুল ঝরে পড়লে আমাদের বোধ হবে যে আমরা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আছি! অন্তত কিছু একটা বলেন আমরা কীভাবে আমাদের বাচ্চাদের বাঁচাতে পারবো! করোনায় যেমন কোয়ারেন্টাইনে ছিলাম সবাই সেরকম কোয়ারেন্টাইনে কি চলে যাবো সব? কী করব?”

ইরফান সাজ্জাদ বলেন, “হাম নিউমোনিয়ায় এত বাচ্চা মারা যেতে আমি আমার জীবনে দেখি নাই। এর জন্য দায়ী কে আল্লাহ খুব ভালো জানেন। মা-বাবার বুক খালি করার বদ দোয়া অনেক ভয়ংকর।”

সবশেষে মহান আল্লাহর কাছে সাহায্য চেয়ে অভিনেতা লেখেন, “আল্লাহ আপনি সহায় হোন… আর নিতে পারছি না…।”