শাহরুখ খানের কাছে বিলাসিতা কেবল কোনো লাইফস্টাইল নয়, এটি সবসময়ই একটি স্টেটমেন্ট। মুম্বাইয়ের অন্যতম বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’-এ বসবাস করা থেকে শুরু করে কোটি কোটি টাকার ঘড়ি, ভ্যানিটি ভ্যান ও গাড়ির মালিক ‘কিং খান’ বরাবরই তার রাজকীয় জীবনযাপনের জন্য ভক্তদের মাঝে তুমুল চর্চায় থাকেন।
সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় শাহরুখকে দেখা গেল তার নতুন রূপালি রঙের ক্যাডিল্যাক এসকেলেড-এ। ভারতে এই ব্র্যান্ডের গাড়ি অফিশিয়ালি বিক্রি হয় না, তাই মনে করা হচ্ছে বিদেশ থেকে বিশেষ অর্ডারে এটি আনিয়েছেন কিং খান। আর এই আমদানির খরচ ধরলে গাড়িটির বর্তমান মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি টাকার কাছাকাছি।
শাহরুখের এই নতুন এসইউভি-টি স্রেফ একটি গাড়ি নয়, বরং রাস্তার ওপর এক অত্যাধুনিক লাউঞ্জ। কী নেই এতে? পাওয়ারফুল ইঞ্জিন: এতে রয়েছে ৬.২ লিটারের শক্তিশালী V8 ইঞ্জিন। অন্দরসজ্জা: গাড়ির ভেতরে রয়েছে ৩৮ ইঞ্চির কার্ভড ওলেড ডিসপ্লে এবং ৪২টি স্পিকার বিশিষ্ট প্রিমিয়াম সাউন্ড সিস্টেম।
আরামের চূড়ান্ত: সিটে রয়েছে ম্যাসাজ করার সুবিধা, সেই সঙ্গে আছে একটি ছোট্ট রেফ্রিজারেটর এবং ফ্রিজার। স্কাই ভিউ: মাথার ওপর রয়েছে বিশাল ‘স্কাই গ্লাস রুফ’, যা দিয়ে খোলা আকাশ দেখতে দেখতেই সফর সারবেন বাদশাহ।
শাহরুখের সংগ্রহে ইতিমধেই রয়েছে রোলস রয়েস ফ্যান্টম, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউ আই-৮-এর মতো
দামী সব গাড়ি। ক্যাডিল্যাক যুক্ত হওয়ার পর তার গ্যারেজ যে এখন বিশ্বের অন্যতম সেরা লাক্সারি কালেকশন, তা নিয়ে সন্দেহ নেই অনুরাগীদের। এক ভক্ত তো কমেন্টেই লিখে দিলেন, “বাদশাহর কাছে যে টাকা আছে, তাতে তিনি এমন ১০০০টা গাড়ি কিনতে পারেন!”





