পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সম্ভাব্য ২৮ মে ঈদ ধরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর ধারাবাহিকতায় ঈদযাত্রার শেষ দিন ২৭ মে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ রোববার (১৭ মে)। যাত্রীসেবা সহজ করতে আগের মতো শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফর্ম অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, রোববার (১৭ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের পাঁচ দিনের টিকিট আগাম বিক্রি করছে রেলওয়ে। সে অনুযায়ী ১৩ মে বিক্রি হয়েছে ২৩ মে’র, ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ মে ২৬ মে’র টিকিট। আজ বিক্রি হচ্ছে ২৭ মে’র টিকিট। তবে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট পরে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট একবারের বেশি কিনতে পারবেন না এবং একটি আইডির মাধ্যমে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। এসব অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ডের সুযোগ থাকবে না। তবে সাধারণ যাত্রী ও কর্মজীবীদের সুবিধার কথা বিবেচনায় যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং (আসনবিহীন) টিকিট বিক্রি করা হবে, যা উচ্চ শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।





