নিশোর উপস্থাপনায় বিটিভির ‘আনন্দ মেলা’য় থাকছে অনেক চমক

নিশোর উপস্থাপনায় বিটিভির ‘আনন্দ মেলা’য় থাকছে অনেক চমক

নতুন আঙ্গিক, বর্ণিল মঞ্চসজ্জা আর একঝাঁক জনপ্রিয় তারকাকে নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের আনন্দ মেলা। বিটিভিতে ঈদের দিন রাত ১০টার খবরের পর এটি প্রচারিত হবে। গীতিকার কবির বকুলের পরিকল্পনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

আয়োজকেরা জানিয়েছেন, এবারের অন্যতম আকর্ষণ উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। বিশেষ কোরিওগ্রাফিতে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে তাঁকে নতুনভাবে দেখা যাবে। অন্যদিকে আশা ভোসলের স্মরণে ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’ গাইবেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। পরিবেশনাটিতে নাচে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী ও শাওন। আরও থাকছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

‘এমন একটা মা দে না’ গানটি তিনি নতুন করে গেয়েছেন। নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল। গানটির কথা লিখেছেন কবির বকুল। ‘রূপনগরের রাজকন্যা’ গানের তালে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।