বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ মঙ্গলবার (১৯ মে) পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যমতে, সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৫৩, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে নির্দেশ করছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, এ স্কোরের কারণে রাজধানীর বায়ু সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় ঢাকা পঞ্চম স্থানে উঠে এসেছে।
একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে লাহোর, যেখানে একিউআই স্কোর ২৫০ এবং বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লী (১৭৯), তৃতীয় স্থানে কাম্পালা (১৬৭) এবং চতুর্থ স্থানে কাঠমান্ডু (১৫৭)। এসব শহরের বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকার শীর্ষ দশে থাকা বাকি শহরগুলোর একিউআই স্কোর ১০৭ থেকে ১৩২-এর মধ্যে অবস্থান করছে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ পর্যায় নির্দেশ করে।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়। এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার এবং অন্যদেরও বাইরের কাজ সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।






