অন্তঃসত্ত্বা অবস্থায় ঘরের চার দেওয়ালে বন্দি থাকা নয় বরং এই বিশেষ সময়টাকেও চুটিয়ে উপভোগ করে ক্যামেরার সামনে দাপিয়ে কাজ করছেন বলিউড ডিভা দীপিকা পাডুকোন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রণবীর সিং ও দীপিকার কোল আলো করে আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান। তবে মাতৃত্বের এই সুবর্ণ সময়েও কাজের প্রতি তার নিষ্ঠা এতটুকু কমেনি।
সম্প্রতি নিজের হোমটাউন অর্থাৎ বেঙ্গালুরুতে একটি নামী ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপনের শুটিং সেটে ক্যামেরাবন্দি হলেন দীপিকা। আর তার সেই স্টাইলিশ মেটারনিটি লুক এই মুহূর্তে নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
বেঙ্গালুরুর শুটিং সেটের যে ছবি ও ভিডিওগুলো সমাজমাধ্যমে উঠে এসেছে, সেখানে দীপিকাকে একটি অত্যন্ত আরামদায়ক অথচ নজরকাড়া ক্যাজুয়াল লুকে দেখা গেছে। হালকা রঙের একটি ওভারসাইজড শার্ট এবং লুজ-ফিট ডেনিম ট্রাউজার্সে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। আলগা করে বাঁধা চুল এবং চোখে রোদচশমা।
প্রেগন্যান্সি পিরিয়ডের এই ‘কুল অ্যান্ড কম্ফোর্টেবল’ স্টাইল স্টেটমেন্ট অনুরাগীদের মন জয় করে নিয়েছে। ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় তার স্পষ্ট বেবি বাম্প এবং মুখের সেই চেনা মিষ্টি হাসি ভক্তদের উথাল-পাথাল করেছে।
সাধারণত গর্ভাবস্থার শেষ কয়েক মাস বলিউড অভিনেত্রীরা লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। কিন্তু দীপিকা এখানেও ব্যতিক্রমী। এর আগে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রমোশনে এসে নিজের মেটারনিটি ফ্যাশনে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। আর এবার বেঙ্গালুরুতে বিজ্ঞাপনের শ্যুটিং সেরে প্রমাণ করলেন যে, মা হওয়ার আনন্দ ও পেশাদারিত্ব— দুইয়ের ভারসাম্য কীভাবে বজায় রাখতে হয়।






