তিন দেশে ছড়িয়ে থেকে শেষ হলো ছোটকাকুর নতুন সিরিজ | চ্যানেল আই অনলাইন

তিন দেশে ছড়িয়ে থেকে শেষ হলো ছোটকাকুর নতুন সিরিজ | চ্যানেল আই অনলাইন

ঈদ মানেই ছোটপর্দার দর্শকদের জন্য নতুন কোনো ‘ছোটকাকু’ অভিযান। দেশের জনপ্রিয় শিশুতোষ গোয়েন্দা সিরিজটি এবার ফিরছে নতুন গল্প নিয়ে। এবারের ঈদে দর্শকদের জন্য আসছে আট পর্বের বিশেষ ধারাবাহিক ‘কিশোরগঞ্জের কিশোরদল’।

প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন নাট্যকার মাসুম রেজা। নির্মাণ করেছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। সহ-নির্মাতা হিসেবে ছিলেন আরিফ খান।

দীর্ঘদিন ধরেই ‘ছোটকাকু’ সিরিজটি শিশু-কিশোরদের পাশাপাশি পারিবারিক দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়। রহস্য, দুঃসাহসিক অভিযান আর গ্রামীণ আবহের মিশেলে তৈরি এই সিরিজের নতুন গল্প নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

নির্মাতা সংশ্লিষ্টরা জানান, এবার ‘কিশোরগঞ্জের কিশোরদল’-এ থাকছে রহস্য, অভিযান ও বন্ধুত্বের এক ভিন্ন স্বাদ। বর্তমানে ফরিদুর রেজা সাগর যুক্তরাষ্ট্রে এবং আফজাল হোসেন ভারতের দিল্লিতে অবস্থান করলেও ঢাকায় শেষ হয়েছে সম্পাদনা ও অন্যান্য চূড়ান্ত কাজ।

তিন দেশে ছড়িয়ে থাকা টিমের সদস্যরা বলছেন, এবারের আয়োজন ঈদ দর্শকদের জন্য বিশেষ চমক হয়ে উঠতে পারে।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রওনক হাসান, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ আলী, তানভীর হোসেন প্রবাল, মারিয়া ফারিহা উপমাসহ আরও অনেকে।

সিরিজটি নিয়ে কথা বলতে গিয়ে আফজাল হোসেন বলেন, ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক গল্পের প্রতি তার আলাদা আগ্রহ ছিল। সেই ভালো লাগা থেকেই ‘ছোটকাকু’ সিরিজের সঙ্গে তার দীর্ঘ পথচলা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দেশে শিশুদের জন্য খুব বেশি মানসম্মত কাজ হয় না। তাই এই সিরিজ নির্মাণে তিনি বিশেষ আনন্দ খুঁজে পান।

চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের অংশ হিসেবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’। দর্শকদের প্রত্যাশা, এবারের ঈদেও ছোটকাকুর নতুন অভিযান ছোটপর্দায় এনে দেবে রহস্য আর রোমাঞ্চের ভিন্ন এক অভিজ্ঞতা।