রোনালদোর অমানুষিক পরিশ্রমের কথাও তুলে ধরেছেন স্কলারি, যার শুরুটা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় থেকেই। স্কলারি জানান, তরুণ রোনালদো ম্যাচ শেষ হওয়ার পরও অতিরিক্ত অনুশীলন করতেন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন প্রায়ই তাঁকে ফোন করতেন।
স্কলারির ভাষায়, ‘ফার্গুসন আমাকে ফোন করে বলতেন, “স্কলারি, আজ তাকে ফ্রি-কিক নিতে দিয়ো না। এখানে সে ইতিমধ্যেই ৩০টা নিয়েছে।” তারপর সে জাতীয় দলে এসে আবার আরও ৩০টা নিতে চাইত। তখন আমি বলতাম, “তুমি তো এগুলো আগেই করেছ!” কিন্তু এটাই তার নিবেদন।’
স্কলারি মনে করেন, রোনালদো ১,০০০ গোলের মাইলফলক দ্রুতই ছুঁয়ে ফেলবেন। স্কলারির ভাষায়, ‘এক বছর আগে আমি তার সঙ্গে ছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, “তুমি কি ১,০০০ গোলের লক্ষ্য নিয়ে কাজ করছ? সত্যিই কি সেটা অর্জন করতে চাও?” সে বলেছিল, “না কোচ, না।” তখন আমি বললাম, “আহা…আমাকে বোকা বানাতে পারবে না।” আমার বিশ্বাস, সে এটা অর্জন করবে।’




