সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে আকস্মিকভাবে বরখাস্ত করে দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে প্রবীণ অর্থনীতিবিদ আহমাদু আল আমিনু লু-কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সোমবার জারি করা এক অদ্যাদেশে এ ঘোষণা দেওয়া হয়।
প্রেসিডেন্ট ফায়ে বলেছেন, গভীর অর্থনৈতিক সংকট ও ক্রমবর্ধমান ঋণের চাপ মোকাবিলায় অভিজ্ঞ অর্থনীতিবিদের নেতৃত্ব প্রয়োজন ছিল। নতুন প্রধানমন্ত্রী লু এর আগে ‘সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস’-এ দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, কঠিন পরিস্থিতি সত্ত্বেও সেনেগালের অর্থনীতি স্থিতিশীল ও টেকসই থাকবে।
গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ফায়ে ও তাঁর রাজনৈতিক গুরু ওসমান সোনকোর মধ্যে মতবিরোধ বাড়তে থাকে। শেষ পর্যন্ত গত শুক্রবার সোনকোকে বরখাস্ত করে সরকার ভেঙে দেন ফায়ে, যা দেশটিতে নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে।
বর্তমানে সেনেগালের ঋণ জিডিপির ১৩২ শতাংশে পৌঁছেছে। ২০২৪ সালে ক্ষমতায় এসে ফায়ে ও সোনকো আগের সরকারের বিরুদ্ধে প্রকৃত ঋণের তথ্য গোপনের অভিযোগ তোলেন। এর জেরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১৮০ কোটি ডলারের সহায়তা কর্মসূচিও স্থগিত হয়ে যায়।
ফায়ে আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তির পক্ষে অবস্থান নিলেও সোনকো দেশের অভ্যন্তরীণ সম্পদের ওপর নির্ভরশীল অর্থনৈতিক নীতির পক্ষে ছিলেন। এই মতপার্থক্যই দুই নেতার দূরত্ব বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আজ মঙ্গলবার সেনেগালের পার্লামেন্টে সোনকোকে স্পিকার হিসেবে নির্বাচনের বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে। পার্লামেন্টে তাঁর দল ‘পাস্তেফ’-এর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় স্পিকার হওয়ার সম্ভাবনা জোরালো। তবে বিরোধী দলগুলো একে ‘প্রাতিষ্ঠানিক অভ্যুত্থান’ হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছে।
বিশ্লেষকদের মতে, স্পিকার নির্বাচিত হলে সোনকো পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে প্রেসিডেন্ট ফায়ের ক্ষমতার ওপর বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারেন। এতে আগামী দিনে দেশটির রাজনীতিতে দুই সাবেক মিত্রের মধ্যে ক্ষমতার লড়াই আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
Zoom Bangla News
inews.zoombangla.com





