বগুড়ায় পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আযহা উদযাপন করলেন মুশফিকুর রহিম – DesheBideshe

বগুড়ায় পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আযহা উদযাপন করলেন মুশফিকুর রহিম – DesheBideshe


বগুড়ায় পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আযহা উদযাপন করলেন মুশফিকুর রহিম – DesheBideshe

বগুড়া, ২৮ মে – পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করতে নিজ জন্মভূমি বগুড়ায় ফিরেছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের ধরমপুর ও মাটিডালি এলাকার নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি।

প্রতিবছরের মতো এবারও পরিবারের সদস্যদের সঙ্গেই ঈদের উৎসব পালন করছেন জাতীয় দলের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। ঈদের নামাজে মুশফিকের সঙ্গে ছিলেন তার বাবা মাহবুব হামিদ। নামাজ শেষে তারা স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় মাঠজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারাও উচ্ছ্বাস প্রকাশ করেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহিম বলেন, সর্বপ্রথম এলাকাবাসী এবং দেশবাসী সবাইকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন, সবাই যার যার পরিবারের সাথে সুস্থভাবে এবং সতর্কতা অবলম্বন করে ঈদ উদযাপন করবেন। বিশেষ করে পাড়া প্রতিবেশী ও অসহায় মানুষের সঙ্গে কোরবানির আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে মুশফিকের বাবা মাহবুব হামিদ ছেলের সঙ্গে ঈদ কাটাতে পেরে আনন্দ প্রকাশ করলেও কিছুটা আফসোস করেছেন নাতি মায়ানকে নিয়ে। তিনি জানান, ছেলের সঙ্গে ঈদের এই সময়টা অত্যন্ত আনন্দের।

তবে নাতি মায়ানের কিছুটা জ্বর থাকায় সে ঈদগাহ মাঠে আসতে পারেনি। তিন প্রজন্ম একসঙ্গে নামাজ পড়ার পরিকল্পনা থাকলেও অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এস এম/ ২৮ মে ২০২৬